সরকার ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর মধ্যে সমন্বয় সাধনের জন্য ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ গঠন করেছে। এই কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটিতে মোট ২৭ জন সদস্য থাকবেন। এর মধ্যে সংস্কৃতি, শিল্প, বাণিজ্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সদস্য করা হয়েছে। এছাড়াও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এবং তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টারাও কমিটিতে রয়েছেন।
কমিটিতে অর্থ, তথ্য ও সম্প্রচার, যুব ও ক্রীড়া, সংস্কৃতি বিষয়ক, শিল্প, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, মহিলা ও শিশু বিষয়ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবদের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান, ব্র্যাক, এইচএসবিসি বাংলাদেশ, বেঙ্গল ফাউন্ডেশন এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিনিধিরাও কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেলকে সেক্টর স্পেশালিস্ট হিসেবে কমিটিতে সম্পৃক্ত করা হয়েছে। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সামষ্টিক ও টিডিএম)।
কমিটির মূল দায়িত্ব হবে ক্রিয়েটিভ অর্থনীতি-সংশ্লিষ্ট বিভিন্ন খাতের রোডম্যাপ অনুমোদন এবং এর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা। এছাড়া আন্তঃমন্ত্রণালয় ও আন্তঃসংস্থার কার্যক্রমে সমন্বয় সাধন, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং বিভিন্ন খাতভিত্তিক কমিটির কার্যক্রম পর্যালোচনা করা হবে। কমিটি ত্রৈমাসিক ভিত্তিতে বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন করবে এবং প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে অর্থ বিভাগ।