ঢাকা রেঞ্জের অধীনস্থ জেলাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদারকি জোরদার করতে ১২ জন পুলিশ কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তাকে রেঞ্জ ডিআইজি, ঢাকার কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৩ নভেম্বরের মধ্যে স্ব স্ব নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এ নিয়োগ আগামী দুই মাসের জন্য কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ঢাকা রেঞ্জের আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সমন্বয় জোরদার করাই এ পদক্ষেপের মূল উদ্দেশ্য।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে রেঞ্জ ডিআইজিকে সহায়তা করবেন।