ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনা করে দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হচ্ছে শনিবার (১২ সেপ্টেম্বর)। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। জনস্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সকল বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এই তিন মাসব্যাপী বিশেষ অভিযানের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারণা চালানো হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা গত কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কথা উল্লেখ করে আসছেন। এ কারণে সরকার এবার আগাম প্রস্তুতি নিয়ে ডেঙ্গু মোকাবিলায় এই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।
গত বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। এবারের এই বিশেষ অভিযানে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ জনগণের অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।