‘জুলাই ঐক্য’ সংগঠনটি রাশেদ খান কর্তৃক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনাকে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের উপর গুরুতর আঘাত হিসেবে আখ্যায়িত করেছে। সংগঠনটির পক্ষ থেকে শনিবার রাতে জারি করা এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
জুলাই ঐক্যের বিবৃতিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে রাশেদ খানের এ ধরনের আচরণ কোনোভাবেই দায়িত্বশীল আচরণের নজির হতে পারে না। গণতান্ত্রিক সমাজে ভিন্নমত প্রকাশের অধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত মৌলিক বিষয়।”
বিবৃতিতে আরো বলা হয়, “এ ধরনের ঘটনা একটি ফ্যাসিবাদী প্রবণতারই ইঙ্গিত বহন করে।” সংগঠনটি স্পষ্ট করে উল্লেখ করে যে, রাষ্ট্রীয় পদে থাকা ব্যক্তির এহেন আচরণ গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
এ ঘটনায় জুলাই ঐক্য সরকারের প্রতি তাদের প্রতিবাদ জানিয়ে বলেছে, “এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।”