রাজধানীর গুলশান এলাকায় একটি বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার দলের নেতাকর্মীরা। বুধবার বিকালে গুলশানের ৪১ নম্বর সড়কের ৭৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলশান থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা সন্দেহজনক কার্যক্রমের খবর দিলে যুবদল নেতারা বাড়িটি ঘেরাও করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজনৈতিক সভা ও অবৈধ সমাবেশের অভিযোগ রয়েছে। বাড়ি থেকে বিভিন্ন রাজনৈতিক সামগ্রীও উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে একটি মামলা রুজু করার কথা বিবেচনা করছে। তবে আটককৃতদের পরিচয় ও আনুষ্ঠানিক অভিযোগ এখনো নিশ্চিত করা হয়নি।