ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির ভূখণ্ডে যেকোনো ধরনের সামরিক আক্রমণের জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় তিনি ইরানের প্রতিরক্ষা নীতি 'চোখের বদলে চোখ' পুনর্ব্যক্ত করেন।
আরাগচি স্পষ্ট করে বলেন, 'আমাদের প্রতিরক্ষা নীতি একেবারেই পরিষ্কার - চোখের বদলে চোখ'। তিনি সতর্ক করে দেন যে ইরানের ওপর পরিচালিত যেকোনো আগ্রাসন ওয়াশিংটন বা অন্য যেকোনো পক্ষের জন্য শক্তিশালী ও নির্ণায়ক প্রতিক্রিয়া ডেকে আনবে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যারা এই ধরনের বিমান বা সামরিক হামলায় সাহায্য বা সমর্থন জোগাবে, তারাও তেহরানের সামরিক বাহিনীর জন্য 'বৈধ লক্ষ্যবস্তু' হিসেবে গণ্য হবে। এই বক্তব্য ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে, যেখানে গত কয়েকদিন ধরে ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত রয়েছে।
গতকাল ইরানের হরমোজগান প্রদেশে দুটি নৌ-অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজ মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এছাড়া ইরাক সীমান্তবর্তী শালামচেহ অঞ্চলে মার্কিন হামলায় কমপক্ষে দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।