দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এখনো অবৈধ অস্ত্র উদ্ধার ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি নিশ্চিত করতে পারেনি। তাঁর মতে, এ ক্ষেত্রে সরকারের ব্যর্থতা স্পষ্ট। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সবাই সম্মিলিতভাবে পরিস্থিতি ভালো করার চেষ্টা করবে।
তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন মোটামুটি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত চিত্র স্পষ্ট হবে প্রচারণা শুরু হলে। এর আগে মূলত সব দলই নিজেদের সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে নিচ্ছে। নির্বাচনের বাস্তব পরিস্থিতি বোঝা যাবে যখন মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা শুরু হবে।
ক্রিকেট প্রসঙ্গে তিনি জানান, তিনি একসময় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদস্য ছিলেন। বর্তমানে তিনি ক্রিকেট থেকে দূরে থাকলেও রাজনীতিতে সক্রিয়। তাঁর মতে, ক্রিকেট শুধু একটি খেলা নয়, এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি এবং দেশের সম্মান জড়িত। সম্প্রতি একজন বাংলাদেশি ক্রিকেটারকে যেভাবে অপমান করা হয়েছে, সেটিকে তিনি দেশের জন্য অপমানজনক বলে মনে করেন। এ প্রেক্ষাপটে ক্রিকেট বোর্ডের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত পোষণ করেন। তবে একই সঙ্গে তিনি মনে করেন, ছোটখাটো বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করাই সবচেয়ে ভালো পথ।
আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা, পদ্মা ও অন্যান্য অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে বাংলাদেশ সক্রিয়ভাবে যোগাযোগ ও আলোচনা চালাবে। পারস্পরিক সম্মান ও মিউচুয়াল রেসপেক্ট বজায় রেখে কূটনৈতিক আচরণের মাধ্যমে দেশের স্বার্থ আদায়ের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তাঁর বিশ্বাস, সঠিক ও দায়িত্বশীল কূটনীতি অনুসরণ করা হলে দুই দেশের মধ্যকার ভুল বোঝাবুঝি কমবে এবং ন্যায্য দাবি আদায় সহজ হবে।
ফেলকন/এমএমডি